সরকারি কর্মকর্তাদের সরকার নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, জনগণের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। নির্ধারিত সময়ে কেউ অফিসে না এলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করেছে বলেই বিপুল জনসমর্থন ও ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। আমরা জনগণের সেই আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর।
লালমনিরহাটের আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।
বন্ধ হয়ে থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করার বিষয়ে মন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন যাতে দ্রুত এটি পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।
এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের শ্রী ফেরাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।