পিরোজপুর সদর উপজেলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। মাদকাসক্তি ও নির্যাতনের কারণে তালাক দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত ঘাতক অমিত হাসানকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদরের ঝাটকাঠি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনার মৃত্যু হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়েছিল। তাদের সংসারে পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে অমিত মাদকাসক্ত হওয়ায় এবং যৌতুকের দাবিতে প্রায়ই সুমনাকে নির্যাতন করতেন। এই অতিষ্ঠ হয়ে দুই মাস আগে সুমনা তাকে তালাক দেন।
গতকাল রাতে সুমনার মা বাড়ির বাইরে গেলে সেই সুযোগে ঘরে ঢুকে সুমনাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন অমিত। সুমনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অমিত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আহত অবস্থায় সুমনাকে জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানেও পুনরায় হামলার চেষ্টা চালান অমিত। এসময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। গুরুতর আহত সুমনাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।