নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জেরে রিয়া মনি নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কামারগাঁও এলাকার র্যাং কস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রিয়া জামালপুর চুনুটিয়া গ্রামের বাসিন্দা এবং তাঁর স্বামী আদিল হোসেন ওই কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
কারখানার শ্রমিকরা জানান, প্রায় নয় মাস আগে রিয়ার সঙ্গে আদিলের বিয়ে হয়। আদিলের এটি দ্বিতীয় বিয়ে হলেও, প্রথম বিয়ের বিষয়টি তিনি গোপন রেখেছিলেন। পরে রিয়া বিষয়টি জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তাঁরা র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরেই বসবাস করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানিয়েছেন, নিহত রিয়া মনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পারিবারিক কলহের জেরে ঘটা হত্যাকাণ্ড হতে পারে। বর্তমানে অভিযুক্ত স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর এই বিষয়ে আরও তথ্য জানানো যাবে।