লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের ঘোষণা এলেও বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলগুলোর অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি জানিয়েছে, পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল মহাদেশভিত্তিক যোগ্যতা নির্ধারণের মাধ্যমে অলিম্পিকে অংশ নেবে। এই নিয়মে এশিয়া থেকে ভারতের সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত।
দীর্ঘ বিরতির পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরলেও আইসিসির নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিদ্ধান্ত নিয়েছে যে, পুরুষ ও নারী উভয় বিভাগেই ছয়টি করে দল অলিম্পিকে অংশ নেবে। তবে দলগুলো টি-টোয়েন্টি র্যাং কিং অনুসারে নয়, বরং মহাদেশ বা অঞ্চলভিত্তিক যোগ্যতা নির্ধারণের মাধ্যমে বাছাই করা হবে। এর অর্থ হলো, প্রতিটি মহাদেশ থেকে কেবল একটি দল অলিম্পিকে খেলার সুযোগ পাবে।
এই নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে বর্তমানে এশিয়ার সেরা দল হওয়ায় ভারতের অলিম্পিকে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। ফলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলগুলো যারা র্যাং কিংয়ে ভারতের পেছনে আছে, তারা অলিম্পিক থেকে বাদ পড়তে পারে।
জানা যায়, ছয় দলের মধ্যে পাঁচটি মহাদেশভিত্তিক যোগ্যতা থেকে আসবে এবং ষষ্ঠ দলটি নির্ধারিত হবে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে। অবশিষ্ট একটি স্থান নিয়ে এখনও আলোচনা চলছে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি অলিম্পিক কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লস অ্যাঞ্জেলেস ২০২৮-এ পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়টি করে দল অংশ নেবে। মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বা পাকিস্তানের মতো দলের অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে কেবল তখনই, যদি এশিয়া থেকে একাধিক দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। অন্যথায়, ক্রিকেটপ্রেমীরা হয়তো ২০২৮ অলিম্পিকে ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ নাও পেতে পারেন। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই।