ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রবিবার (২৫ জানুয়ারি) তৃতীয় দিনের মতো নির্বাচনি প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক জনসভা ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) এই চূড়ান্ত সূচি নিশ্চিত করা হয়েছে। সফরের শুরুতে রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন তারেক রহমান। সেখানে দলের নীতিনির্ধারণী ও নির্বাচনি পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তিনি। এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
চট্টগ্রামের কর্মসূচি শেষ করে তিনি ফেনী যাবেন এবং সেখানে পাইলট কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। এরপর কুমিল্লায় তিনটি স্থানে—চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দিতে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে জনসভা করবেন তারেক রহমান। প্রচারণা শেষে রাতেই তিনি ঢাকার গুলশানে ফিরবেন। তৃণমূলের ভোটারদের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়াই এই ঝটিকা সফরের মূল লক্ষ্য।