টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি এই সিদ্ধান্তকে ক্রিকেটের শৃঙ্খলার পরিপন্থী আখ্যা দিয়ে আইসিসিকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাভাস্কারের মতে, পাকিস্তানকে এমন সাজা দেওয়া উচিত যা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকারের ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্তকে সহজভাবে নিচ্ছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বলেন, টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে কোনো দলের এমন অবস্থান গ্রহণ অগ্রহণযোগ্য। গাভাস্কারের দাবি, আইসিসির উচিত এই ইস্যুতে শক্ত হাতে হস্তক্ষেপ করা। তার মতে, এখানে কেবল একটি বোর্ড নয়, অনেকগুলো পক্ষ জড়িত থাকায় বিষয়টি জটিল, তবে পাকিস্তানকে ছাড় দেওয়া উচিত হবে না। তিনি মনে করেন, আইসিসি যদি এখন দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যতে অন্য দলগুলোও যখন-তখন এমন খামখেয়ালি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।
এছাড়া চুক্তির শর্ত ভঙ্গের দায়ে পাকিস্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও দেখছেন এই কিংবদন্তি ওপেনার। উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।