আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর মতে, টুর্নামেন্টটি ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দিতাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
শনিবার (৬ ডিসেম্বর) প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে ব্যাটারদের বিশেষ ক্যাম্প শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প শেষে কোচ সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, বিশ্বকাপের আগে বিপিএল খেলা দলের জন্য ভালো প্রস্তুতি হবে। তিনি বলেন, প্রতিযোগিতামূলক পরিবেশে একটি টুর্নামেন্ট খেললে ক্রিকেটাররা ভালো বোলারদের মোকাবিলা করতে পারবে এবং ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে। একই ফর্মে থেকে বিশ্বকাপে খেলতে যাওয়া দলের জন্য অনেক উপকারে আসবে।
খেলোয়াড়দের ফিটনেস ও প্রস্তুতি প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, খেলোয়াড়দের মানসিক সেটআপ, শারীরিক অবস্থা এবং কৌশল—সবদিকেই নজর রাখা হচ্ছে। তাঁর মতে, জাতীয় দলের ট্রেনার যে সুবিধা দেন, বিপিএলে তা নাও মিলতে পারে। ফিটনেস নিচে নেমে গেলে তা আবার রিকভার করে নিয়ে আসা কঠিন। তাই তারা যেন প্রতিটি ক্ষেত্রে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকে, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়ে তিনি আশ্বস্ত করেন যে, দলের ট্রেনাররা সবসময় খেলোয়াড়দের ওয়ার্কলোড পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ছেলেরা এখন আগের থেকে অনেক বেশি পরিণত। তারা নিজেদের ওয়ার্কলোড ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন। তাই আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে।