টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় গভীর দুঃখ ও সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই অনুপস্থিতিকে দেশের ক্রিকেটার ও জাতির জন্য 'অপমানজনক' বলে উল্লেখ করেন। পরিকল্পিতভাবে লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক মঞ্চ থেকে দূরে রাখা হয়েছে দাবি করে তিনি এর নিন্দা জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, বিশ্বকাপের এই দিনে টিভি পর্দায় টাইগারদের লড়াই দেখার কথা ছিল দেশবাসীর। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশ সেই অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, "এই বঞ্চনায় শুধু ক্রিকেটাররাই নন, পুরো জাতি আজ অপমানিত বোধ করছে।"
জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের মর্যাদা ও স্বপ্নের প্রশ্নে কোনো আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না। খেলোয়াড়দের এই কষ্ট তিনি অনুভব করেন এবং দেশের স্বার্থে কোনো আপস করা হবে না বলেও হুশিয়ারি দেন।
জামায়াত আমির দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, বাংলাদেশ আবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তার হারানো মর্যাদা ফিরে পাবে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশ দ্রুতই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে এবং পূর্ণ সম্মান নিয়ে ফিরে আসবে।