আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় চমক দেখালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সাবেক দল লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) তাকে দলে ভিড়িয়েছে। পাকিস্তানি মুদ্রায় ৬ কোটি ৪৪ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা) ফিজকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে পুনরায় পরিবারে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে লাহোর কালান্দার্স। ২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে খেলা এই কাটার মাস্টারকে এবার নিলামের আগেই সরাসরি দলে নিয়ে চমক সৃষ্টি করলো তারা। পিএসএলের অফিসিয়াল পেজে তাকে 'নতুন যুগের স্বাগত' জানিয়ে পোস্ট করা হয়েছে।
সম্প্রতি বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয়। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মাঝে ফিজের এই সরাসরি চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। বিসিবির অনড় অবস্থানের পর মুস্তাফিজও পিএসএল নিলামে নিবন্ধিত হয়েছিলেন।
২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তার সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার কথা বিবেচনা করেই লাহোর কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি চুক্তিতে বড় অংকের বিনিময়ে তাকে নিশ্চিত করেছে। ৩০ বছর বয়সী এই পেসারকে ঘিরে এখন পিএসএলে নতুন উন্মাদনা কাজ করছে।