স্ত্রী–সন্তান থাকছেন আর্জেন্টিনার পাশে
ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্কালোনি জানিয়েছেন, তাঁর স্ত্রী এলিসা মন্তেরো এবং দুই ছেলে ইয়ান ও নোয়াহ আর্জেন্টিনাকেই সমর্থন করবে।
স্ত্রী স্প্যানিশ হলেও আর্জেন্টিনা দলের জন্য স্কালোনির পরিশ্রম, চাপ ও আবেগের বিষয়টি খুব ভালোভাবে বোঝেন। তাঁর সন্তানদের কাছেও বাবার দলই অগ্রাধিকার পাবে। ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের উদ্যাপনেও তাদের আকাশি-সাদা জার্সিতে বাবার পাশে দেখা গিয়েছিল।
মায়োর্কার আত্মীয়দের হৃদয় দুই ভাগে
স্কালোনির শ্বশুরবাড়ির অধিকাংশ সদস্য স্পেনের মায়োর্কার বাসিন্দা। ফলে তাঁরা স্বাভাবিকভাবেই স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় থাকবেন।
এ বিষয়ে স্কালোনি মজার ছলে বলেছেন, মায়োর্কায় থাকা পরিবারের সদস্যদের হৃদয় নিশ্চয়ই দুই ভাগ হয়ে গেছে। পরিস্থিতি তাঁদের জন্য কঠিন হলেও যেই জিতুক, পরিবারের কারও না কারও আনন্দ করার সুযোগ থাকবে।

মায়োর্কাতেই শুরু স্কালোনির সংসার
২০০৮ সালে ইতালিয়ান ক্লাব লাৎসিও থেকে ধারে মায়োর্কায় খেলতে গিয়ে এলিসা মন্তেরোর সঙ্গে পরিচয় হয় স্কালোনির। তাঁদের বড় ছেলে ইয়ানের জন্ম ২০১২ সালে এবং ছোট ছেলে নোয়াহর জন্ম ২০১৬ সালে। দুই সন্তানই স্পেনে জন্মগ্রহণ করেছে এবং পরিবারটি দীর্ঘদিন ধরে মায়োর্কায় বসবাস করছে।
স্কালোনির পরিবারে আর্জেন্টিনা স্পেন বিভক্তি ..স্পেনের সঙ্গে স্কালোনির সম্পর্ক শুধু পারিবারিক নয়। খেলোয়াড় হিসেবে তিনি ডেপোর্তিভো লা করুনিয়া, রেসিং সান্তান্দার ও মায়োর্কার হয়ে খেলেছেন। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছেই তিনি কোচিংয়ের পাঠ নিয়েছিলেন। এবার বিশ্বকাপ ফাইনালে সাবেক শিক্ষক ও শিক্ষার্থী মুখোমুখি হচ্ছেন দুই দলের ডাগআউটে।
আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়?
আর্জেন্টিনা জিতলে তারা চতুর্থবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে এবং ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে স্পেনের লক্ষ্য ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়।
ফাইনালটি নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ১৯ জুলাই স্থানীয় সময় বেলা ৩টায় শুরু হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার, ২০ জুলাই রাত ১টায়।
রাজধানী টিভি | স্পোর্টস ডেস্ক