তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেক পর্যটন সড়কে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে এ সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আবারও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠন দুটির অভিযোগ, জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো সাজেক এলাকায় অবস্থান করছেন। তাদের হুমকি ও ভীতির কারণে শতাধিক সাধারণ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। নিরাপত্তাহীনতায় জুমচাষিরাও নিজেদের জমিতে যেতে পারছেন না বলে দাবি করা হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর থেকে অবরোধ শুরু করেছিল সংগঠন দুটি। সে সময় ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি। তবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদকর্মীদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।