নায়ক দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর অতীত সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হতেই এবার মুখ খুললেন দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র। রুক্মিণীর দাবি, দেব–শুভশ্রীকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে এমন আলোচনা ছড়ানো হচ্ছে, যাতে তাকে যেন কোনওভাবে অস্বস্তিকর অবস্থায় ফেলানো যায়।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র এই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কীভাবে এই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল, এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি।
চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর দশ বছর আগের চলচ্চিত্র ধূমকেতু। প্রযোজনা জটিলতায় এত দিন আটকে থাকার পর অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
তবে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা এক মঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। এই ঘটনাগুলোর পরই দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে।
পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়।
তিনি বলেন, যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যেকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে বোকা। একটা ট্র্যাপের (ফাঁদের) মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়, আর আমি নিজে যদি সেখানে ধরা দিই তাহলে বোকাটা কে হলো? আমি।
রুক্মিণী আরও জানান, সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে।