অস্ট্রেলিয়ার ক্রিকেট মানচিত্রে খুব শিগগিরই যুক্ত হতে যাচ্ছে একটি 'ব্র্যান্ড-নিউ' টেস্ট ভেন্যু, আর এই নতুন মাঠে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশকে দিয়েই। ২০২৬ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজনের জন্য কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা বিবেচনায় সবার চেয়ে এগিয়ে আছে। গ্যাবায় টেস্ট না হওয়ার সম্ভাবনার মধ্যে এই ভেন্যুটি এখন অস্ট্রেলিয়ার দ্বাদশ টেস্ট ভেন্যু হওয়ার দ্বারপ্রান্তে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো ভেন্যু নিয়ে চূড়ান্ত ঘোষণা না দিলেও ম্যাকাই ছাড়াও কেয়ার্নস, ডারউইন এবং টাউন্সভিলও আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিবেচনায় রয়েছে। তবে কুইন্সল্যান্ডের প্রধান ডেভিড ক্রিসাফুলির বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ব্রিসবেনের গ্যাবায় ১৯৭৬-৭৭ মৌসুমের পর প্রথমবারের মতো কোনো টেস্ট অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা থাকায়, ম্যাকাই এর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।
জানা গেছে, ম্যাকাই স্টেডিয়ামের সংস্কারের জন্য দুই কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। এখানে বর্তমানে ১০ হাজার আসন, আধুনিক সম্প্রচার সুবিধা এবং উচ্চমানের প্রশিক্ষণের স্থান তৈরি করা হয়েছে।
ম্যাকাই স্টেডিয়ামটি এর আগেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার সক্ষমতা প্রমাণ করেছে। গত আগস্টে এখানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। যা স্থানীয়দের মধ্যে শীর্ষ পর্যায়ের ক্রিকেট দেখার আগ্রহের প্রমাণ দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল, সেবার ডারউইন ও কেয়ার্নসে স্বাগতিকরা ২-০ তে সিরিজ জিতেছিল। ওই সিরিজ দিয়েই এই দুটি ভেন্যুর টেস্ট আয়োজনের অভিষেক হয়েছিল।