শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারের জেরে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে বিলাসপুর ইউনিয়নে একটি জনশূন্য নতুন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের টিনের চাল উড়ে গেছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্থানীয় দুই পক্ষের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ প্রাণঘাতী রূপ নিয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামের এক যুবক প্রাণ হারান। স্থানীয়দের দাবি, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবেই এই ককটেল তৈরি করা হচ্ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের আত্মীয় সাগর বেপারীর একটি নবনির্মিত ও জনশূন্য ঘরে বসে একদল যুবক হাতবোমা তৈরি করছিল। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং ঘরটির টিনের চাল ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণের পর নিহত সোহানের মরদেহ পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় আহত অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিকের পরিবার জানায়, ঘরটি নতুন হওয়ায় এবং বিদ্যুৎ সংযোগ না থাকায় তারা এখনো সেখানে বসবাস শুরু করেননি। তালাবদ্ধ না থাকায় রাতে কে বা কারা সেখানে অবস্থান নিয়েছিল, তা তাদের জানা ছিল না। এই ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন শান্ত থাকার পর আবারও এলাকায় শুরু হওয়া এই সহিংসতায় তারা শঙ্কিত।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) তানভীর হোসেন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।