বাংলাদেশে আর কোনো প্রহসন বা পাতানো নির্বাচনের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান কমিশন ইনসাফ ও ন্যায়বিচারের নীতিতে অটল থাকবে এবং প্রতিটি প্রার্থী কমিশনের কাছ থেকে সমান ও নিরপেক্ষ আচরণ পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবার কোনোভাবেই আগের মতো সাজানো বা পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট জানান, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা নিয়ে আপিল করেছেন, তাদের প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। সম্পূর্ণ আইনি ভিত্তির ওপর দাঁড়িয়েই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হবে যাতে কেউ বৈষম্যের শিকার না হন। নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।