নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মুহাম্মদ মুর্শেদ আলম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশন তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করে। এর আগে ভোটারদের স্বাক্ষরের জটিলতায় জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।
ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বাছাই প্রক্রিয়ার সময় এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে অসঙ্গতির অভিযোগ তুলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ৪ জানুয়ারি তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে আজ তার পক্ষে রায় আসে।
মুর্শেদ আলম প্রার্থিতা ফিরে পাওয়ায় ময়মনসিংহের এই আসনে ভোটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো। বর্তমানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, গণ অধিকার পরিষদের আনোয়ারুল ইসলাম হোসেন বিদ্যুৎ, এনসিপি’র ডা. জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল কাশেমী এবং জামায়াতে ইসলামীর ছাইফ উল্যাহ পাঠান ফজলু। নির্বাচন কমিশনের এই আদেশের পর মুর্শেদ আলমের সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল করেছেন।
জাহাঙ্গীর আলম/রাজধানী