মুছাপুর রেগুলেটর ধসে যাওয়ার পর ছোট ফেনী নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে ফেনীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার শত শত ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেন। জোয়ার-ভাটার প্রভাবে নদীগর্ভে বিলীন হতে যাওয়া জনপদ রক্ষায় তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটরটি ধ্বংস হওয়ার পর থেকেই ছোট ফেনী নদীতে পানির চাপ ও ভাঙন কয়েক গুণ বেড়ে গেছে। সোনাগাজীর চর গোপালগাঁও, চান্দলা, জলদাপাড়া এবং দাগনভূঞার জগতপুরসহ বিস্তীর্ণ এলাকায় এখন নদীভাঙন আতঙ্কে শত শত পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও রেগুলেটর সংস্কার না করলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অনেক পরিবার এরই মধ্যে গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। বিক্ষোভ শেষে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
আলাউদ্দিন সবুজ/রাজধানী