নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন বা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে দ্বিধায় ছিলেন তারা দেশ ছেড়ে পালিয়েছেন। সাহস থাকলে তাদের দেশে ফিরে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও মক ভোটিং কার্যক্রমের প্রস্তুতি দেখতে সাভার সফরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি পলাতক ব্যক্তিদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি স্পষ্ট জানান যে, যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সমালোচনা করে বাইরে পালিয়ে আছেন, তাদের উচিত দেশে এসে আইনি প্রক্রিয়ার মোকাবিলা করা।
পরিদর্শনকালে উপদেষ্টা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সম্ভাব্য বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া পর্যবেক্ষণ করেন। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বিত এই মহড়া দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভোটারদের আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকবে। সাধারণ মানুষের ভোটদান প্রক্রিয়া সহজ করতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বাহিনীর সদস্যরা তাদের রণকৌশল প্রদর্শন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মহড়ায় উপস্থিত ভোটারদের মনোবল বৃদ্ধির পাশাপাশি নির্বাচনের সামগ্রিক প্রস্তুতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে।