যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আঘাত হেনেছে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়। এর প্রভাবে নিউ ইয়র্ক ও বোস্টনসহ বড় শহরগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে ইতিমধ্যে ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অন্তত ৪ কোটি মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সোমবার বিকাল পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। ম্যাসাচুসেটস, কানেটিকাট, নিউ জার্সি ও রোড আইল্যান্ডসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়্যার’-এর তথ্যমতে, ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় বিভিন্ন বিমানবন্দরে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সোমবার দুপুর পর্যন্ত সড়ক ও সেতুতে জরুরি গাড়ি ছাড়া অন্য সব যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন।
পেনসিলভানিয়ায় ইতিমধ্যে ৪৫ সেন্টিমিটার তুষার রেকর্ড করা হয়েছে। কোথাও কোথাও ৬০ সেন্টিমিটার বা ২৪ ইঞ্চি পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়ার অসংখ্য স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক স্থানে দৃশ্যমানতা কমে ‘হোয়াইটআউট’ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রায় ৪ কোটি মানুষ তুষারঝড় ও ২ কোটি মানুষ তীব্র শীতকালীন ঝড়ের সতর্কতার মধ্যে রয়েছেন। প্রশাসন থেকে নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুতি রাখতে অনুরোধ জানানো হয়েছে।