সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগের তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের। সন্দেহজনক ও নিশ্চিত—দুই হিসাব মিলিয়ে হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৯ জনের।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১৪ জন রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।