বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে প্রথম রোজা। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আজ সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার খবর আসার পর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কাল থেকে রোজা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, সংযম ও ত্যাগের এই মাসে আমাদের লক্ষ্য হোক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি শান্তিময় বাংলাদেশ গড়া।
রমজানকে কেন্দ্র করে তারাবির নামাজ আদায়ে দেশের মসজিদগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। অন্যদিকে, প্রথম রোজা উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে আজ বিকেল থেকেই কেনাকাটার ধুম লক্ষ্য করা গেছে। প্রশাসন জানিয়েছে, রমজান মাসে পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের তদারকি আরও জোরদার করা হবে।