ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম বাদ পড়ায় হট্টগোল বেঁধেছে। শাখা ছাত্রদলের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে আয়োজক কমিটি ক্ষমা চেয়ে পুনরায় মোনাজাত পরিচালনা করতে বাধ্য হয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
একুশের প্রথম প্রহরে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান মোনাজাত পরিচালনা করার সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা একে ‘পরিকল্পিত অবজ্ঞা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, যার হাত ধরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, মোনাজাতে তাঁর নাম বাদ দেওয়া বর্তমান প্রশাসনের ব্যর্থতা। উত্তেজনাকর পরিস্থিতিতে তারা উপাচার্য ও আয়োজক কমিটির কাছে এর জবাবদিহি চান এবং দ্বিতীয়বার মোনাজাতের দাবি জানান। তোপের মুখে ইমাম সাহেব পুনরায় মোনাজাত পরিচালনা করেন এবং সেখানে জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ করেন, গুটিকয়েক শিক্ষকের প্ররোচনায় প্রশাসন ফ্যাসিবাদের পথে হাঁটছে। তবে উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এই অভিযোগ অস্বীকার করে বলেন, মানুষের ভুল হতেই পারে। ইমাম সাহেবের এই ভুলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। আমি নিজে জিয়ার আদর্শ লালন করি, তাই ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার প্রশ্নই আসে না।