রাজধানীর পল্টনের ‘শারমিন একাডেমি’ নামের একটি কিন্ডারগার্টেন স্কুলে চার-পাঁচ বছর বয়সী এক শিশুকে বর্বরোচিত নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের অফিস কক্ষে আটকে রেখে এক শিশু শিক্ষার্থীকে দফায় দফায় শারীরিক ও মানসিক নির্যাতন করছেন দুই শিক্ষক। এই ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজটি গত ১৮ জানুয়ারির বলে শনাক্ত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একাডেমির পরিচালক শারমিন আক্তার শিশুটির হাত ধরে রাখছেন এবং এক পুরুষ শিক্ষক তাকে বারবার মাথায়, মুখে ও গলায় আঘাত করছেন। শিশুটিকে চুপ থাকতে ইশারায় হুমকিও দিতে দেখা যায়। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু এই ঘটনাকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পল্টন থানা পুলিশ জানিয়েছে, ভিডিওটি নজরে আসার পর তারা ঘটনাস্থল ও অভিযুক্তদের শনাক্ত করেছেন। সংশ্লিষ্ট শিক্ষকদের থানায় আসার নির্দেশ দিলেও তারা সময়ক্ষেপণ করছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে; অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে স্কুল কর্তৃপক্ষের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।