বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আইএমএফ-এর উচ্চপর্যায়ের একটি সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফরে যাচ্ছেন। আগামী ৪-৬ মার্চ ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘এশিয়া ইন ২০৫০’ শীর্ষক এই সম্মেলনে তাঁর সফরসঙ্গী হবেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাঁদের এই সফরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দেশে নতুন সরকার গঠনের পর কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই এই সফরের খবর সামনে এলো।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, সম্মেলনে গভর্নর এশিয়ার জনসংখ্যাগত চাপ ও কাঠামোগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, এই সফরে গভর্নরের সঙ্গে যাওয়া ডেপুটি গভর্নর হাবিবুর রহমান গত বছর একাধিকবার বিদেশ ভ্রমণে বাধার মুখে পড়েছিলেন। বিশেষ করে দুর্নীতির অনুসন্ধানের তালিকায় নাম থাকায় একবার বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগে বাধ্য হলেও হাবিবুর রহমান ও নূরুন নাহার স্বপদে বহাল রয়েছেন। বর্তমানে দেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিদায় নিয়েছেন। এমন পরিস্থিতিতে গভর্নরের এই বিদেশ সফর ও কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।