দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মাত্র ৭ মাসেই ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা গত পুরো অর্থবছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এই প্রবৃদ্ধির হার প্রায় ৭৯.১৯ শতাংশ। আধুনিকায়ন ও নতুন বার্থ চালুর ফলে মোংলা বন্দরে বিদেশি জাহাজের আগমন ও পণ্য ওঠানামা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে ভিড়েছে। এ সময়ে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানির পাশাপাশি কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। বন্দরের সক্ষমতা বাড়াতে হিরণ পয়েন্ট এলাকায় তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ চালু করা হয়েছে, যেখানে এখন ৯ মিটার ড্রাফটের বড় জাহাজ অনায়াসেই ভিড়তে পারছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন সরকারের নেতৃত্বে মোংলা বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি আরও গতিশীল হবে। বর্তমানে এই বন্দর দিয়ে চাল, গম, সার ও এলপিজির মতো জরুরি পণ্য আমদানির পাশাপাশি হিমায়িত মাছ, পাটজাত পণ্য ও পোশাক রপ্তানি হচ্ছে, যা দেশের জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।