ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সুবিধার্থে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশের সব ব্যাংক খোলা রাখা হয়েছে। মূলত প্রার্থীদের জামানত জমা দেওয়া এবং ভোটার তালিকার সিডি কেনার প্রক্রিয়া সহজ করতে নির্বাচন কমিশনের নির্দেশনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার দেশের সব তফসিলি ব্যাংকের শাখাগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালান জমা দেওয়ার সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের অনুরোধে ২৭ ডিসেম্বর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর বড় দিনের ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের বন্ধের কবলে পড়েছিল ব্যাংকগুলো।
এতে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দেওয়ায় নির্বাচন কমিশন ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছিল। এর ফলে প্রার্থীরা আজ কোনো বিঘ্ন ছাড়াই তাদের প্রয়োজনীয় আর্থিক ও নির্বাচনী দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারছেন।