ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে সব ধরনের দোকান, বাণিজ্যিক বিতান এবং শপিং মল বন্ধ থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন এবং তার আগের দিন শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ সহজতর হবে বলে মনে করছে মালিক সমিতি। সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে সরকারিভাবে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যোগ হচ্ছে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পাঞ্চলগুলোর জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঘোষিত বিশেষ ছুটি। যেহেতু নির্বাচনের পরের দুই দিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি, তাই সব মিলিয়ে টানা কয়েক দিনের ছুটির আমেজ তৈরি হয়েছে সারাদেশে।
শিল্পকারখানার শ্রমিকদের নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি থেকে তাদের ছুটি শুরু হচ্ছে। ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন কারখানা বন্ধ পাওয়ায় শ্রমিকদের জন্য যাতায়াত ও ভোটাধিকার প্রয়োগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।