চট্টগ্রাম বন্দরে চলমান অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বন্দরে প্রায় ৬৬ কোটি মার্কিন ডলার (৮ হাজার কোটি টাকা) মূল্যের ১৩ হাজার রপ্তানি কনটেইনার আটকে আছে। এদিকে, ৪ দফা দাবিতে আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে ইউরোচ্যাম বাংলাদেশ জানিয়েছে, বন্দরের এই অচলাবস্থা বৈশ্বিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্যতা সংকটে ফেলছে। ইউরোপীয় ব্র্যান্ডগুলো সময়মতো পণ্য না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, রপ্তানির চাকা সচল রাখতে এবং লাখো মানুষের কর্মসংস্থান রক্ষায় দ্রুত গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা জরুরি। উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই পোশাক খাত, যার একটি বড় অংশ ইউরোপের বাজারে যায়।
এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবিতে আগামীকাল (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফের ধর্মঘটে যাচ্ছে 'বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ'।
নেতাদের দাবি, গত সপ্তাহে নৌ-উপদেষ্টার আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়ায় তারা পুনরায় কঠোর কর্মসূচিতে যাচ্ছেন।
এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য ডেলিভারি ও জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ৫ ফেব্রুয়ারি শ্রমিক নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও দুদকের তদন্ত শুরুর পদক্ষেপে শ্রমিকরা ফের ফুঁসে উঠেছেন। ফলে আগামীকাল থেকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ফের স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।