চলতি বছরের নভেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৮.১৭ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে। সাধারণত সবজির ভরা মৌসুমে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার কথা থাকলেও, নভেম্বরে খাদ্য খাতেও মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৩৬ শতাংশ হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সামগ্রিক মূল্যস্ফীতির হার নভেম্বরে বেড়ে ৮.২৯ শতাংশ হয়েছে। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮.১৭ শতাংশ। তবে গত বছরের নভেম্বরের (১১.৩৮ শতাংশ) তুলনায় চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কম রয়েছে।
নভেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৬ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৭.০৮ শতাংশ। তবে গত বছরের নভেম্বর মাসের (১৩.৮০ শতাংশ) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। নভেম্বরে এই হার ছিল ৯.০৮ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৯.১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯.৩৯ শতাংশ।