মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় হরমুজ প্রণালী বন্ধ হওয়ার শঙ্কার মাঝেই বাংলাদেশের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে ১৫টি বিশাল পণ্যবাহী জাহাজ। সাড়ে ৭ লাখ টন জ্বালানি তেল, এলএনজি, এলপিজি এবং শিল্পের কাঁচামাল নিয়ে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এর মধ্যে ১২টি জাহাজ ইতিমধেই নোঙর করেছে এবং বাকি ৩টি চলতি সপ্তাহের মধ্যেই বন্দরে পৌঁছাবে। সংঘাত শুরুর আগেই এই জাহাজগুলো গুরুত্বপূর্ণ জলপথটি পার হতে পারায় দেশের জ্বালানি ও শিল্প খাতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলো।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, কাতার থেকে আসা ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ জাহাজ দুটি বন্দরে পৌঁছেছে। এছাড়া আজ শনিবার ‘সেভান’ নামে একটি জাহাজ ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে আসার কথা রয়েছে। আগামী সোম ও বুধবারের মধ্যে আরও দুটি এলএনজি জাহাজ পৌঁছানোর কথা। মূলত যুদ্ধ শুরুর ২ থেকে ৭ দিন আগেই এই জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করায় সেগুলো নিরাপদে আসতে সক্ষম হয়েছে।
আমদানি করা এসব পণ্যের মধ্যে রয়েছে প্রায় আড়াই লাখ টন এলএনজি, ৩৫ হাজার টন এলপিজি এবং ৫ লাখ টনের বেশি সিমেন্ট শিল্পের কাঁচামাল যেমন—ক্লিঙ্কার ও জিপসাম। তবে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন যে, ‘লিব্রেথা’ নামে একটি এলএনজি জাহাজ এখনো হরমুজ প্রণালীর ভেতরে আটকা পড়ে আছে। ফলে বর্তমান চালানগুলো নিয়ে স্বস্তি থাকলেও, উত্তেজনা দীর্ঘায়িত হলে ভবিষ্যতে নতুন করে পণ্য আমদানিতে জটিলতা তৈরির আশঙ্কা থেকেই যাচ্ছে।