টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ময়নাতদন্ত রিপোর্ট।
সোমবার (৩০ মার্চ) তমলুক হাসপাতালে সম্পন্ন হওয়া ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ সময় পানির নিচে থাকায় তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়েছে এবং তাতে প্রচুর বালি ও নোনা পানি পাওয়া গেছে।
গত রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে নেমে তলিয়ে যান রাহুল। ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে থাকায় তাঁর ফুসফুস ও খাদ্যনালিতে অত্যাধিক বালু প্রবেশ করেছে। এদিকে, এই মর্মান্তিক মৃত্যুতে পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, কোনো বৈধ অনুমতি ছাড়াই ওই স্থানে শুটিং পরিচালনা করা হচ্ছিল।
১৯৮৩ সালে জন্ম নেওয়া রাহুল তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। বিজয়গড় থিয়েটার দলের ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে বাবার সাথে তাঁর অভিনয় যাত্রা শুরু হয়েছিল। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ওপার বাংলার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শুটিং স্পটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন ভক্ত ও সহকর্মীরা।