বলিউড অভিনেতা ও পরিচালক সোহেল খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ভিডিওটিতে তাঁকে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতে দেখা গিয়েছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সালমান খানের ভাই সোহেল খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটির স্ক্রিনশট শেয়ার করে জানান, কিছু শারীরিক সমস্যার কারণে তিনি মাঝে মাঝে হেলমেট পরেন না, তবে এটি কোনো অজুহাত হতে পারে না। তিনি ট্রাফিক কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এখন থেকে সর্বদা সব নিয়ম মেনে চলবেন ও হেলমেট পরবেন।
অভিনেতা সোহেল খান তাঁর দামি মোটরসাইকেল নিয়ে হেলমেট ছাড়া রাইড করার সময় ধারণ করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েন। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা চান এবং বাইকারদের হেলমেট পরার পরামর্শ দেন।
সোহেল খান তাঁর পোস্টে উল্লেখ করেন যে ছোটবেলা থেকেই বাইক চালানো তাঁর শখ। তিনি বেশিরভাগ সময় রাতে এবং ধীরে ধীরে রাইড করেন যখন ট্রাফিক কম থাকে। নিজের ক্লস্ট্রোফোবিয়া (বদ্ধ জায়গায় থাকার ভয়)-এর সমস্যা তুলে ধরে তিনি বলেন, এই কারণে তাঁর হেলমেট পরতে মাঝে মাঝে অসুবিধা হয়।
তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এবং সবসময় ট্রাফিক আইন মেনে চলবেন। তিনি বাইকারদের নিরাপদ থাকার গুরুত্বের কথা মনে করিয়ে দেন। তাঁর এই পোস্টের পর হেলমেট পরার গুরুত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।