ফ্যামিলি কার্ডের আদলে দেশের প্রান্তিক কৃষকদের জন্য দ্রুতই ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই সিদ্ধান্তের কথা জানান। এই স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ ও ঋণের মতো সরকারি সুবিধা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোগ করতে পারবেন।
কৃষকদের ডিজিটাল ডাটাবেজের আওতায় আনতে এবং স্মার্ট কৃষি সেবা নিশ্চিত করতে এই বিশেষ কার্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।
তথ্যমন্ত্রী জানান, এই কার্ডটি হবে একজন কৃষকের উৎপাদনের প্রধান সহায়ক। এর মাধ্যমে কৃষকরা যা পাবেন:
• কৃষি উপকরণ: সার, কীটনাশক ও উন্নত মানের বীজ সংগ্রহে বিশেষ সুবিধা।
• আধুনিক যন্ত্রপাতি: কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা এবং যান্ত্রিকীকরণে সহায়তা।
• স্মার্ট তথ্য সেবা: আবহাওয়ার পূর্বাভাস, বাজার পরিস্থিতি এবং উৎপাদন সংক্রান্ত সঠিক তথ্য সরাসরি মোবাইল বা ডিভাইসে পাওয়া যাবে।
• সরাসরি যোগাযোগ: রাষ্ট্রের সঙ্গে কৃষকের সরাসরি যোগাযোগ স্থাপন হবে, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।
প্রভাবশালী বা মধ্যস্বত্বভোগীরা যেন কৃষকদের হক নষ্ট করতে না পারে, সেজন্যই কার্ডটিকে ‘স্মার্ট’ ও ডিজিটাল করা হচ্ছে। মন্ত্রী বলেন, "মোবাইল সিম কার্ডের মতো এই স্মার্ট কার্ডটি যখন কৃষকের হাতে থাকবে, তখন তিনি সরাসরি রাষ্ট্রের সেবা নিতে পারবেন। এতে কোনো লিকেজ বা অনিয়মের সুযোগ থাকবে না।"
শিগগিরই পাইলট প্রজেক্টের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় এই কার্ড বিতরণ শুরু হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশের সব নিবন্ধিত কৃষককেই পর্যায়ক্রমে এই স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে ঈদের আগেই এটি বিতরণ শুরু হবে কি না, তা প্রস্তুতির ওপর নির্ভর করছে বলে জানান তিনি।