মিকায়েলা বেন্টহাউস সাত বছর আগে একটি বাইক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন।এর পরও তিনি দমে যাননি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন।কিন্তু সেই স্বপ্ন কি বাস্তবায়ন করা সম্ভব? এই প্রশ্নের উত্তর পেতে তিনি ইন্টারনেটে একজন অবসরপ্রাপ্ত মহাকাশ প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।স্পেসএক্স-এর অবসরপ্রাপ্ত নির্বাহী হ্যান্স কোয়েনিগসম্যানই তাকে সহাওয়তা করেছেন।মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’-এর রকেটে চড়ে পশ্চিম টেক্সাস থেকে এই যাত্রা শুরু করেন বেন্টহাউস।
মহাকাশযানটি পৃথিবীতে অবতরণের পর ব্লু অরিজিনের শেয়ার করা একটি ভিডিওতে মিকায়েলা বলেন, ‘এটি ছিল জীবনের সেরা অভিজ্ঞতা!’ তিনি বলেন, ‘চারপাশের দৃশ্য এবং ভেসে থাকার বিষয় আমি উপভোগ করেছি।উপরে ওঠার মুহূর্তগুলোও দারুণ লেগেছে।প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চমৎকার।’
মিকায়েলা তাঁর হুইলচেয়ার থেকে নিজেই মহাকাশযানের প্রবেশদ্বারে থাকা একটি বিশেষ বেঞ্চ ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন।এই ভ্রমণের আয়োজনে সহায়তাকারী স্পেসএক্সের অবসরপ্রাপ্ত নির্বাহী হ্যান্স কোয়েনিগসম্যান ফ্লাইটের সময় প্রয়োজনে সহায়তা করতে মিকায়েলার পাশেই আসন গ্রহণ করেছিলেন।
বেন্টহাউস বলেন, ‘আমি অনলাইনে হ্যান্সের সঙ্গে পরিচিত হই।তখন তাঁকে জিজ্ঞেস করেছিলাম—আপনি দীর্ঘদিন স্পেসএক্সে কাজ করেছেন। আপনার কি মনে হয়, আমার মতো মানুষেরা মহাকাশচারী হতে পারবে?’
হ্যান্স বলেন, ‘মিকায়েলা মূলত আমাকে ওই অভিযানে সহায়তা করতে অনুপ্রাণিত করেছেন। তাঁর ইচ্ছাশক্তি দেখে মনে হয়েছে, আমারও এটা করা উচিত।’
অবতরণের পর মরুভূমির বুকে উদ্ধারকারী দল দ্রুত একটি কার্পেট বিছিয়ে দেয়, যাতে বেন্টহাউস সরাসরি নিজে হুইলচেয়ারটি ব্যবহার করতে পারেন, যা তিনি উড্ডয়নের সময় নিচে রেখে গিয়েছিলেন।
মিকায়েলা বেন্টহাউস বর্তমানে ইউরোপীয় মহাকাশ সংস্থায় (ইএসএ) কর্মরত।মিকায়েলা বলেন, দুর্ঘটনার পর তিনি বুঝতে পেরেছিলেন, প্রতিবন্ধীদের জন্য পৃথিবী কতটা কঠিন।
নিউ শেপার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল জয়েস বলেন, ‘মিকায়েলার এ অভিযান বিশেষভাবে অর্থবহ।এটি প্রমাণ করে যে মহাকাশ সবার জন্য। তাঁর এ স্বপ্ন পূরণে সাহায্য করতে পেরে আমরা গর্বিত।’
মহাকাশ ভ্রমণের বিষয়ে অনড় ছিলেন বেন্টহাউস।তার লক্ষ্য কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মহাকাশ জয়কে সহজ করা নয়, বরং এ ধরনের কাজে নিজেদের জন্য যাতায়াত ও সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটানো।