মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের জেরে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আবুধাবি, মানামা, কুয়েত সিটি ও দোহায় বিকট বিস্ফোরণের খবর পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণক্ষেত্রে পরিণত হওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উদ্ভূত যুদ্ধপরিস্থিতির কারণে দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) অঞ্চলজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এখন পর্যন্ত আমিরাতের আবুধাবি, বাহরাইনের মানামা, কুয়েত সিটি ও কাতারের দোহায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
বেসামরিক জানমালের নিরাপত্তা এবং আকাশপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে উপসাগরীয় দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ওই অঞ্চলের আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।