ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে। এর মধ্যেই এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। ইরান সীমা লঙ্ঘন করেছে কি না, জানতে চাইলে জবাবে এয়ারফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে, তারা (ইরান) শুরু করেছে।
তিনি আরও বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও নজর রাখছে। আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি। আমরা একটি সিদ্ধান্ত নেব।
এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান গতকাল যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব-নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে, ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় পাল্টা হামলা চালানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহত মানুষের সংখ্যা বাড়ছে।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশির ভাগই বিক্ষোভকারী।
তবে রয়টার্স নিহত মানুষের সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকারিভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর মধ্যেই জানিয়েছেন, দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। প্রতিবাদ জনগণের অধিকার বলেন তিনি। গতকাল তিনি বলেছেন, জনগণের এটা বিশ্বাস করা উচিত যে আমরা (সরকার) ন্যায় প্রতিষ্ঠা করতে চাই।
২০২২ সালের পর ইরান এখন সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি। তীব্র মূল্যস্ফীতি ও আর্থিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক রূপ ধারণ করে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনব্যবস্থার অবসান দাবি করছেন এবং ইরানের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে আন্দোলন অব্যাহত রয়েছে।
চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ গত শনিবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।