ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর প্রতিশোধের’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি।
শনিবার (১৪ মার্চ) মস্কোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আলী খামেনেইর মৃত্যুর পর ইরানিরা এখন চরম ক্ষুব্ধ এবং যেকোনো উস্কানির দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।
রাশিয়ার স্পুটনিক মিডিয়া নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির সাধারণ মানুষ ‘রক্তের প্রতিশোধ’ দাবি করছে। এমতাবস্থায় নতুন নেতা মোজতবা খামেনেইর ওপর কোনো ধরনের আঘাত আসার চেষ্টা করা হলে তার পরিণতি হবে ভয়াবহ।
তিনি আরও উল্লেখ করেন, অতীতেও আমেরিকানরা ইরানের প্রতিরোধের মুখে পড়েছে এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আল জাজিরার তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিতে তারা যেকোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।