ইরানে সরকারবিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে; বিক্ষোভকারীরা ইসফাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি ঘটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের জন্য ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।
ইরানের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেহরান, ইসফাহান ও মাশহাদসহ দেশটির প্রধান শহরগুলোতে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসফাহানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর একটি ভবনে আগুন জ্বলছে। দেশজুড়ে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ থাকায় সঠিক তথ্য পেতে বেগ পেতে হলেও মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা এখন ৪৫ ছাড়িয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় জানিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। এই হুমকির জবাবে ইরান সরকার তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং যেকোনো বহিঃশক্তির হামলার বিরুদ্ধে ‘সীমাহীন প্রতিক্রিয়া’ দেখানোর ঘোষণা দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই অস্থিরতার জন্য সরাসরি বিদেশি শক্তিকে দায়ী করেছেন। জার্মানি সহ আন্তর্জাতিক মহল ইরানের এই কঠোর দমননীতির তীব্র নিন্দা জানিয়েছে।