ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে নরওয়ে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে জানান, ইসরায়েল এই হামলাকে ‘প্রতিরোধমূলক’ দাবি করলেও এর স্বপক্ষে কোনো আসন্ন হুমকির প্রমাণ নেই। একই ঘটনায় রাশিয়া ও লেবাননও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
তেহরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে শনিবার মার্কিন ও ইসরায়েলি বাহিনীর চালানো হামলার জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে নরওয়ে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে স্পষ্ট জানিয়েছেন, কোনো তাৎক্ষণিক হুমকি ছাড়া এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
রাশিয়া: রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ এই হামলাকে যুক্তরাষ্ট্রের 'আসল চেহারা' ও 'কৌশলগত প্রতারণা' হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি পারস্য সাম্রাজ্যের কয়েক হাজার বছরের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে পশ্চিমাদের ধৈর্য ধরার পরামর্শ দেন।
লেবানন: দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম সাফ জানিয়েছেন, লেবানন এই যুদ্ধে জড়াবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে ফেলে—এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই অভিযান মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিয়েছে। নরওয়েসহ ইউরোপের অনেক দেশই এই হামলার ফলে উদ্ভূত আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।