ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর এক মাসের মাথায় প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
শনিবার (২৮ মার্চ) ইরানঘনিষ্ঠ এই সশস্ত্র গোষ্ঠীটি সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে জানায়, লেবানন, ইরান ও ফিলিস্তিনে বেসামরিক হত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করল।
বিবৃতিতে হুতিরা জানিয়েছে, তারা দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর নিশ্চিত করে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর আগে হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারা লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি আগে থেকেই কার্যত বন্ধ থাকায় এখন বাব আল-মানদেবও হুতিদের নিয়ন্ত্রণে চলে গেলে বিশ্ব তেলের বাজারে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। হুতিরা স্পষ্ট করেছে, ফিলিস্তিন ও ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই সামরিক অভিযান চলবে। বর্তমানে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর পর হুতিরা যুক্ত হওয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য আঞ্চলিক চাপ বহুগুণ বেড়ে গেল।