রমজান মাসে সাহরি, তারাবি ও ইবাদতের কারণে অনেকের স্বাভাবিক ঘুমের নিয়মে বড় পরিবর্তন আসে। দীর্ঘ সময় না খেয়ে থেকে আবার দিনের বেলায় অফিস বা অন্যান্য দায়িত্ব পালন করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও সময়ের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা গেলে রমজানেও শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখা সম্ভব। তাই ইবাদতের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘুমের সময় ভাগ করে নিন
একটানা ৭-৮ ঘণ্টা ঘুমানো সম্ভব না হলে ঘুমকে দুই ভাগে ভাগ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রথম ভাগ : ইফতার ও তারাবির পর (রাত ১০টা বা ১১টা থেকে সাহরি পর্যন্ত) অন্তত ৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমানোর চেষ্টা করুন।
দ্বিতীয় ভাগ : ফজর নামাজের পর অফিসের প্রস্তুতির আগে আরো ১ থেকে ২ ঘণ্টা ঘুমিয়ে নিন।
দুপুরে ‘পাওয়ার ন্যাপ’ বা কায়লুলাহ
কাজের ফাঁকে দুপুরে ২০-৩০ মিনিটের একটি ছোট ঘুম বা বিশ্রাম (যাকে ইসলামী পরিভাষায় ‘কায়লুলাহ’ বলা হয়) বিকেলের ক্লান্তি দূর করতে জাদুর মতো কাজ করে। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মেজাজ ফুরফুরে রাখে।
গভীর ঘুমের জন্য যা করবেন
খাদ্যাভ্যাস : ইফতারে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। সেহরিতে ওটস, কলা বা দুগ্ধজাত খাবার রাখুন যা ভালো ঘুমে সাহায্য করে।
ক্যাফেইন নিয়ন্ত্রণ : ইফতারের পর চা বা কফি পানে সতর্ক হোন। ঘুমানোর অন্তত ৬-৭ ঘণ্টা আগে ক্যাফেইন এড়িয়ে চলাই ভালো।
স্ক্রিন টাইম : মেলাটোনিন হরমোনের (যা ঘুমাতে সাহায্য করে) ক্ষরণ ঠিক রাখতে ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন।
কর্মক্ষেত্রে সতেজ থাকার টিপস
কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো সকালে সেরে ফেলার চেষ্টা করুন, কারণ সাহরির পর শরীরে তুলনামূলক বেশি এনার্জি থাকে। অফিসের কাজের মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিন এবং সামান্য হাঁটাহাঁটি করুন, এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। পাশাপাশি শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি।