যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের পর এবার পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির রাজধানী জাগরেবে একদল হামলাকারী নিরাপত্তাবেষ্টনী ভেঙে দূতাবাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ধারণা করা হচ্ছে, খালিস্তানপন্থী বিক্ষোভকারীরাই এই ঘটনার নেপথ্যে রয়েছে। ভারত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্রোয়েশিয়া সরকারকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
ক্রোয়েশিয়ার রাজধানীতে অবস্থিত ভারতীয় মিশনে অনুপ্রবেশের ঘটনায় নয়া দিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করা ভিয়েনা কনভেনশন অনুযায়ী সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব। আমরা ক্রোয়েশীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছি এবং অবৈধ এই কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পশ্চিমা দেশে ভারতীয় কূটনীতিকদের ওপর যে ধরনের হামলা হয়েছে, জাগরেবের ঘটনাটিও একই ধারার। ভারতীয় দূতাবাসে ভারতবিরোধী স্লোগান দেওয়া এবং ভাঙচুরের এই ঘটনায় কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারত সরকার ইতোমধ্যেই ক্রোয়েশিয়া সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।