ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন সংলগ্ন অতি স্পর্শকাতর এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানের পাস্তুর ও কেশভারদুস্ত জেলায় অন্তত সাতটি মিসাইল আঘাত হানে। সর্বোচ্চ নেতার বাসভবন লক্ষ্য করেই এই হামলা কি না, তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
শনিবার ভোরে ইরানি আকাশসীমায় ঢুকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তেহরানের প্রশাসনিক প্রাণকেন্দ্রে হামলা চালায়। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, খামেনির বাসভবন ও সরকারি দফতর অবস্থিত এমন গুরুত্বপূর্ণ জেলাগুলোতে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটে। হামলার মূল লক্ষ্য খামেনি ছিলেন কি না তা নিশ্চিত না হলেও, অত্যন্ত সংরক্ষিত এই জোনে ক্ষেপণাস্ত্র বর্ষণকে ইসরায়েলের পক্ষ থেকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই হামলার পরপরই ইরান ও ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ অভিযান ছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে চাপে ফেলা। বর্তমানে খামেনির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে এবং তেহরানজুড়ে যুদ্ধের সাইরেন বাজছে।