ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একজন সিনিয়র ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তাদের পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং প্রকাশ্য, যেখানে কোনো ‘লাল রেখা’ বা সীমা মানা হবে না। মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন ও ইসরায়েলি স্থাপনা এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু বলে ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই আগ্রাসনের পরপরই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যা আসছে তার জন্য ইসরায়েল প্রস্তুত থাকো; আমাদের প্রতিক্রিয়া হবে প্রকাশ্য এবং এর কোনো নির্দিষ্ট সীমা থাকবে না।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব সম্পদ এখন তাদের সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু। কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন এক যুদ্ধ শুরু করেছে যার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। আমরা এই যৌথ হামলায় মোটেও অবাক হইনি, বরং আমাদের কাছে এমন এক জটিল পাল্টা জবাব প্রস্তুত রয়েছে যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে দূরে রাখতে এই যৌথ অভিযান চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও ইরানের মিসাইল ধ্বংস করার দাবি করে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এখন তাদের সংযম দেখানোর কোনো সুযোগ নেই এবং আত্মসমর্পণের আহ্বান তাদের কাছে গ্রহণযোগ্য নয়। সূত্র মতে, ইরান জুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো অস্পষ্ট। তবে ইরানের এই 'নো রেড লাইন' নীতি পুরো বিশ্বকে এক ভয়াবহ সংঘাতের শঙ্কায় ফেলে দিয়েছে।