পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের কোনো ধরনের 'অতিরিক্ত দাবি' বা চাপের কাছে তেহরান মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে তিনি এই কড়া বার্তা দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত না মানলে ইরানের ওপর সামরিক হামলার সরাসরি হুমকি দিয়ে রেখেছেন।
তেহরানের আজাদি স্কয়ারে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কোনো আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার সদিচ্ছাও প্রকাশ করেন তিনি। এই বক্তব্যটি এমন এক সময় এল যখন ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হয় তেহরানকে ওয়াশিংটনের সব শর্ত মেনে চুক্তিতে আসতে হবে, নয়তো 'খুব কঠিন কিছু'র (সামরিক হামলা) মোকাবিলা করতে হবে। ইতিমধ্যে এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করে 'ইউএসএস আব্রাহাম লিংকন'সহ বিশাল রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে।