মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ সৌদি আরব ও কাতার তাদের রাজধানী রিয়াদ এবং দোহাকে সংযুক্ত করতে একটি উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করতে চলেছে।
সোমবার এ বিষয়ে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিবেগের এই ট্রেন চালু হলে মাত্র দুই ঘণ্টায় রিয়াদ থেকে দোহা ভ্রমণ করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, ছয় বছরের মধ্যে এই রেল নেটওয়ার্ক চালু হতে পারে এবং এটি প্রতি বছর প্রায় ১০ লাখ যাত্রী পরিবহনে সক্ষম হবে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই উচ্চগতির রেল যোগাযোগ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও ২০১৭ সালে কাতারের সঙ্গে সৌদির ব্যাপক বিবাদ হয়েছিল এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২১ সালে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দুই দেশ কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপন করে। ২০২১ সালে দোহায় মোহাম্মদ বিন সালমানের সফর এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই রেল নেটওয়ার্ক স্থাপন ও চালু হতে প্রায় ছয় বছর সময় লাগবে। প্রাথমিকভাবে রিয়াদ-দোহা রুটে চলাচল শুরু হলেও, পরবর্তীতে নেটওয়ার্কের সঙ্গে সৌদি আরবের দুটি শহর—আল হোফুফ এবং দাম্মামকেও যুক্ত করা হবে। বর্তমানে আকাশপথে রিয়াদ ও দোহার দূরত্ব অতিক্রম করতে প্রায় ৯০ মিনিট সময় লাগে, সেখানে নতুন উচ্চগতির রেল এই পথ পাড়ি দেবে মাত্র দুই ঘণ্টায়, যা ভ্রমণকে আরও সহজ ও দ্রুত করবে।