ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যকার বিদ্যমান আস্থার সংকট কাটাতে বড় প্রতিবেশী হিসেবে ভারতকেই আলোচনার প্রথম উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে পুরোনো তিক্ততা ভুলে দিল্লির উচিত বাস্তববাদী ও গঠনমূলক সংলাপে বসা।
বিবিসি’র বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে সীমান্ত হত্যা, পানিবণ্টন ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এছাড়া ভারতের কিছু মহলের উস্কানিমূলক বক্তব্যে বাংলাদেশি নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল। ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ও বিশাল বাণিজ্য সম্পর্কের খাতিরে স্থায়ী দূরত্ব বজায় রাখা কারোর জন্যই টেকসই হবে না।
ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, একটি শক্তিশালী নির্বাচনের পর বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ভারতেরই এগিয়ে এসে সম্পৃক্ত হওয়া উচিত। অন্যদিকে, অধ্যাপক অবিনাশ পালিওয়ালের মতে, বিএনপি নেতা তারেক রহমান অতীতকে ভবিষ্যতের বাধা হতে দেননি, যা রাজনৈতিক পরিপক্বতার লক্ষণ। এখন দিল্লির পক্ষ থেকে উত্তেজনাকর বার্তা কমিয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি করা জরুরি। দুই পক্ষ সচেতনভাবে কাজ না করলে এই সম্পর্ক কেবল ‘নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বিতা’র মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।