বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিসিএস প্রশাসন ক্যাডারদের সংগঠন) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচন কমিশনকে সকল সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম (সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়) এবং মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর (বিভাগীয় কমিশনার, ঢাকা) স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সুষ্ঠু নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানানো হয় এবং একই সাথে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে দেওয়া যেকোনো বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন উল্লেখ করেছে যে, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছে, তারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারা সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সংগঠনটি পুনর্ব্যক্ত করে যে, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত একটি পেশাদার, নিরপেক্ষ ও নৈতিক সিভিল সার্ভিসের অংশ। তারা কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নন।
তবে সম্প্রতি রাজনৈতিক প্রচারণায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমের আলোচনায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক মন্তব্য করা হচ্ছে বলে বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়। বিশেষত চট্টগ্রামের এক রাজনৈতিক জনসভায় জনাব শাহজাহান চৌধুরীর অনভিপ্রেত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রশাসন ভবিষ্যতে এ ধরনের দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সম্পূর্ণভাবে প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সার্বিক আস্থা অর্জন এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।