ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে শুরু করেছেন কারাবন্দিরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশের কারাগারগুলোতে স্থাপিত বিশেষ বুথে মোট ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এদিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে থাকা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ হাইপ্রোফাইল রাজনৈতিক বন্দিরা ৫ ও ৬ ফেব্রুয়ারি ভোট দেবেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের সব কারাগারে বিশেষ বুথ স্থাপন করে ভোটগ্রহণ চলছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) অন্যান্য কারাগারে বন্দিরা তাদের নিজ নিজ নির্বাচনি এলাকার প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটে রায় দিচ্ছেন। মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এই কার্যক্রম পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
আইজি প্রিজন জানান, খামযুক্ত ব্যালট পেপার আগেই কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় নির্বাচন কমিশন ভোটদানের সময়সীমা একদিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে সর্বোচ্চ ৬০০ জন বন্দি ভোটার রয়েছেন।
বিশেষ কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাধারণ কয়েদিরা ভোট দিলেও রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং সাবেক সচিব ও পুলিশ কর্মকর্তাদের মতো রাজনৈতিক বন্দিরা মঙ্গলবার ভোট দেননি। তারা আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বন্দিদের এই ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।