বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কমিশন চাইলে যেকোনো সময় আইনি প্রক্রিয়ায় কাউকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করতে পারে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, তারেক রহমানের ভোটার হওয়ার পথে কোনো আইনি জটিলতা নেই। তবে আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন ভবনে আসবেন কি না, সে বিষয়ে ইসি এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ইতোমধ্যে তার দলের নেতাকর্মীরা সংশ্লিষ্ট আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উষ্ণ অভ্যর্থনা জানান। দেশে ফেরার পর তার নির্বাচনী অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবেই এই ভোটার সংক্রান্ত আলোচনা সামনে এলো।